প্রধান উপদেষ্টা, খাজরা যুব জনকল্যাণ সংস্থা
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
মানবতার জয় হোক।
অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদের মানবকল্যাণে কাজ করার সুযোগ দান করেছেন। মানুষ মানুষের জন্য এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে স্থানীয় যুবসমাজকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে ২০২২ খ্রিস্টাব্দে খাজরা যুব জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের লক্ষ্য কেবল একটি সংগঠন গড়ে তোলা নয়; বরং এমন একটি মানবিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তরুণরা স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।
খাজরা, আশাশুনি ও সাতক্ষীরার সার্বিক সামাজিক, মানবিক ও মানবতার উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ বিকাশে আমরা আন্তরিকভাবে কাজ করতে বদ্ধপরিকর। একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে "মানবতার কল্যাণে নি:স্বার্থ প্রয়াস" প্রতিপাদ্য ধারণ করে আমরা সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও অংশগ্রহণকে সর্বাধিক গুরুত্ব দিই। আমি বিশ্বাস করি, সততা, নিষ্ঠা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে এই সংগঠন একদিন এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে। তরুণদের শক্তি ও উদ্যমকে কল্যাণকর কাজে কাজে লাগাতে পারলে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব।
এই মহৎ উদ্যোগে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও দাতাগণের সম্মিলিত প্রচেষ্টায় খাজরা যুব জনকল্যাণ সংস্থা উত্তরোত্তর সফলতা অর্জন করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সৎ প্রচেষ্টা কবুল করুন এবং মানবসেবার এই পথচলাকে সহজ ও কল্যাণময় করুন এবং খাজরা যুব জনকল্যাণ সংস্থার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।